কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কৃষামত ফুলবাড়ী এলাকায় হঠাৎ অজগরটি দেখতে পেয়ে উৎসুক জনতার ভিড় জমে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ সাপটি দেখতে সেখানে জড়ো হন। কৌতূহলী অনেকে অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয়রা সাপটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে।

এলাকাবাসীর মতে, ওই এলাকায় এর আগে কখনও এত বড় অজগর সাপ দেখা যায়নি।

এই বিষয়ে জেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, "সংবাদ পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।"