চলতি বছরের প্রথমার্ধে জুতা বিক্রি এবং মুনাফার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বহুজাতিক কোম্পানি বাটা শু। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির বিক্রি ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং কর-পরবর্তী মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।
কোম্পানিটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। গতকাল সোমবার পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি চূড়ান্ত করার পর আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের অবহিত করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বাটা শু জুতাসহ অন্যান্য সামগ্রী বিক্রি করেছে ৫৬৯ কোটি টাকার, যা গত বছরের একই সময়ে ছিল ৫১৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৫২ কোটি টাকা বা ১০ শতাংশের বেশি। বিক্রির এই প্রবৃদ্ধির ফলে মুনাফাতেও বড় লাফ দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাটা শু কর-পরবর্তী মুনাফা করেছে ৫০ কোটি টাকার বেশি, যেখানে গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৭ কোটি টাকা। সে হিসেবে মুনাফা বেড়েছে ২৩ কোটি টাকা বা ৮৫ শতাংশের বেশি।
বিশ্লেষণে দেখা যায়, বিক্রির তুলনায় মুনাফার প্রবৃদ্ধি অনেক বেশি। এর প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে পরিচালন খরচ এবং সুদসহ আর্থিক খরচের উল্লেখযোগ্য হ্রাস। গত বছরের প্রথম ছয় মাসে পরিচালন খরচ ছিল ১৮২ কোটি টাকা, যা চলতি বছরের প্রথমার্ধে কমে দাঁড়িয়েছে ১৭৪ কোটি টাকায়। ফলে পরিচালন খরচ বাবদ সাশ্রয় হয়েছে ৮ কোটি টাকার বেশি। এছাড়া আর্থিক খরচে সাশ্রয় হয়েছে প্রায় ২ কোটি টাকা। উৎপাদন খরচ আগের বছরের সমপর্যায়ে থাকায় এই সাশ্রয়গুলো সরাসরি মুনাফায় যোগ হয়েছে।
আলাদাভাবে প্রকাশিত এপ্রিল-জুন প্রান্তিকের প্রতিবেদনে দেখা যায়, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি বেড়েছে প্রায় ২০ শতাংশ। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যবসা হয়েছে ১৮৯ কোটি টাকার, যা গত বছরের একই সময়ে ছিল ১৫৮ কোটি টাকা। উল্লেখ্য, গত বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি প্রায় ১০ কোটি টাকা লোকসান করলেও চলতি বছরের একই সময়ে ১৩ কোটি টাকার বেশি মুনাফা করেছে।
বাটা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "চলতি বছরের প্রথমার্ধে তাদের বিক্রি ও মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে দুটি ঈদের বড় ভূমিকা ছিল। ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে বাটার জুতা বিক্রি বেড়েছে। পাশাপাশি ব্যবসায়িক কৌশলের সঠিক বাস্তবায়ন, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণও এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।"
মুনাফা বৃদ্ধির এই খবরে আজ মঙ্গলবার শেয়ারবাজারে বাটার শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় প্রতিটি শেয়ারের দাম সাড়ে ১৪ টাকা বা দেড় শতাংশের বেশি বৃদ্ধি পায়। বেলা ১১টায় কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৯১৩ টাকা। ১৯৮৫ সালে তালিকাভুক্ত এই বহুজাতিক কোম্পানিটি বর্তমানে ‘এ’ শ্রেণিভুক্ত।