রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন প্রসঙ্গে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বিস্তারিত জানান।
সিইসি জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা প্রয়োজন। সংশ্লিষ্ট আইনে নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ নির্ধারণের বিধান রয়েছে। সেই লক্ষ্যেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ। তিনি বলেন, "জাতীয় সংসদ অধিবেশনে থাকলে এ নির্বাচন একভাবে হবে, আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে।"
সাক্ষাতে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানান সিইসি। তিনি আরও বলেন, "এটি চূড়ান্ত হলে জানানো হবে।"
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেন সিইসি। তিনি জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার জন্য কমিশন ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, তাঁর বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ।