ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে তাঁর কার্যক্রম শুরু করেন।
আজ বেলা সোয়া ১১টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২–এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক বিষয় ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।