ইতালীয় ফুটবলের অস্থিরতা যেন থামছেই না। জাতীয় দলকে নতুন করে সাজানোর দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কারিগরি পরিচালকের পদ ছাড়ছেন কিংবদন্তি পাওলো মালদিনি। তার সঙ্গে উপদেষ্টা ও সাবেক ব্রাজিলীয় তারকা লিওনার্দোও সরে দাঁড়িয়েছেন।
রয়টার্স সূত্রে জানা গেছে, স্কাই স্পোর্ট ইতালিয়ার বরাত দিয়ে তারা এই খবরটি প্রকাশ করেছে। সোমবার ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগোকে তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান মালদিনি ও লিওনার্দো। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
টানা তিনবার বিশ্বকাপের টিকিট হারালে ইতালির ফুটবল কাঠামোর আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১১ জুলাই মালদিনিকে কারিগরি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মূল লক্ষ্য ছিল জাতীয় দলের জন্য একজন যোগ্য কোচ খুঁজে বের করা।
গেন্নারো গাত্তুসোর স্থলাভিষিক্ত করতে মালদিনির প্রথম পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো। পেপ গার্দিওলা ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলোর নামেই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
তবে রাশিয়ার স্পোর্টস বেটিং প্রতিষ্ঠান 'ফনবেট'-এর সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি সামনে আসতেই আপত্তি তোলেন ফেডারেশনের কিছু কর্মকর্তা এবং ইতালির আইনপ্রণেতারা। এই বিতর্কের মুখে পিরলো জানান, তাকে আর ইতালির কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি দাবি করেন, "প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বাণিজ্যিক ও খেলাধুলাকেন্দ্রিক, এর সঙ্গে কোনো রাজনৈতিক মতাদর্শের যোগ নেই।"
পিরলোকে কোচ করার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন মালদিনি ও লিওনার্দো। তাদের এই আকস্মিক বিদায়ে নতুন সভাপতি জিওভান্নি মালাগোর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হলো। এখন কোচ নিয়োগের পাশাপাশি জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন কারিগরি পরিচালক খুঁজতে হবে ফেডারেশনকে।
বর্তমানে ইতালির কোচ পদের দৌড়ে রবার্তো মানচিনি, থিয়াগো মোত্তা এবং আন্তোনিও কন্তের নাম আলোচনায় রয়েছে।