দেশজুড়ে গত ৮৮ দিনের বিশেষ ও নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানগুলোতে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২টি গুলি ও কার্তুজসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিশেষ অভিযানে ধরা পড়েছেন ৩৯ হাজার ২৬৭ জন। এছাড়া সাধারণ অভিযান এবং বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২২ জন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অভিযান চলাকালে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২টি গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বিস্তারিত হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।
মাদকদ্রব্যের ক্ষেত্রে উদ্ধার করা হয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক উদ্ধারের ঘটনায় মোট ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।