রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোর কৌশলগত পরিকল্পনার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক। তরুণ এই ফরোয়ার্ডকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে আগামী মৌসুমের জন্য ধারে পাঠানোর কথা পুনরায় বিবেচনা করছে স্প্যানিশ ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নতুন খেলোয়াড় দলে নেওয়ার আগে বর্তমান সদস্য সংখ্যা কমিয়ে আনতে চায় রিয়াল মাদ্রিদ। ক্লাব কর্তৃপক্ষ সব বিভাগ থেকেই কিছু খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, যাতে দলে প্রয়োজনীয় জায়গা তৈরি হয় এবং আর্থিক ভারসাম্য বজায় থাকে।

আক্রমণভাগের এই রদবদলে এন্ড্রিকের পরিস্থিতি বদলে দিয়েছেন গঞ্জালো গার্সিয়া। প্রাক-মৌসুমের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে গঞ্জালোর পারফরম্যান্স কোচ মরিনহোকে মুগ্ধ করেছে। একসময় গঞ্জালোকেই ধারে পাঠানোর কথা ভাবা হলেও, তার বিশেষ বৈশিষ্ট্য ও দক্ষতার কারণে তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ কোচ। এর ফলে এন্ড্রিককে ধারে পাঠানোর আলোচনা আবারও জোরালো হয়েছে।

ক্লাব কর্মকর্তাদের মতে, রিয়ালে নিয়মিত খেলার সুযোগ না পেলে এন্ড্রিকের উন্নতির ধারা বাধাগ্রস্ত হতে পারে। তাই তাকে এমন কোনো ক্লাবে পাঠানোর কথা ভাবা হচ্ছে, যেখানে তিনি নিয়মিত মাঠে নেমে নিজের বিকাশ ঘটাতে পারবেন। মার্কার দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে তাকে ধারে পাঠানোর সম্ভাবনা আরও বাড়বে। তবে এটি স্থায়ীভাবে বিক্রি করার পরিকল্পনা নয়; ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এখনো রিয়ালের দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে বিবেচিত।

দল পুনর্গঠনের এই প্রক্রিয়া শুধু আক্রমণভাগেই সীমাবদ্ধ নেই। ডিফেন্ডার রাউল আসেনসিওকে ক্লাব ছাড়ার প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এছাড়া উপযুক্ত প্রস্তাব পেলে ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকেও বিক্রি করতে পারে রিয়াল। পাশাপাশি, সদ্য যোগ দেওয়া আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও নিয়মিত খেলার সুযোগ দিতে ধারে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

নতুন মৌসুমের আগে বেশ কয়েকজন খেলোয়াড় নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে মরিনহোকে। রিয়ালে নিজের জায়গা পাকাপাকি করতে সামনে গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহ অপেক্ষা করছে এন্ড্রিকের। প্রস্তুতি পর্বে কোচকে সন্তুষ্ট করতে না পারলে সাময়িকভাবে মাদ্রিদ ছাড়তে হতে পারে তাকে।