রাজধানীসহ সারাদেশে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত তিন মাসে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ২ হাজার ৭২২ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর তালিকায় রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০ চকলেট বাজি।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে ১০১টি পিস্তল সবচেয়ে বেশি। এছাড়া ৯২টি বন্দুক, ৩৮টি এলজি, ৩৫টি শুটারগান, ১৯টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি ও একটি পেনগান উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে পুলিশ। ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ ও ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্য জব্দ করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় মোট ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে গ্রেপ্তার হয়েছেন ২৪ হাজার ৮২১ জন।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন ইউনিট ও জেলার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। চলমান অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।