দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদ ভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নির্বাচনের তপশিল ঘোষণা করা হতে পারে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি আরও তিন নির্বাচন কমিশনার— আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া ইসি সচিব এবং সংসদ সচিবালয় সচিবও এই আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বর্তমানে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। আইন অনুযায়ী, স্পিকারের সঙ্গে পরামর্শ করে সিইসি রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেন। এই নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা ভোট প্রদান করেন।