বগুড়ার গাবতলীতে বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়ে রিফাত আলী খান নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রিফাত (১৭) ওই এলাকার রুবেলের ছেলে। সে কদমতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তেই নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রিফাত। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের তথ্যানুযায়ী, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণীকে বিয়ে করেছিল রিফাত। তবে বিয়ের তিন মাস পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকেই রিফাত মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে, চরম মানসিক হতাশা থেকেই সে এই আত্মঘাতী পদক্ষেপ নিয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।"