ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদণ্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকস সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফাহিম খান (২০)। তিনি নলছিটি উপজেলার পূর্ব গোদণ্ডা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মো. ফরিদ খানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ফাহিম খানকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, "এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।"
মাদক নির্মূলে পুলিশের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, "নলছিটিতে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"