মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে একটি ময়লাবাহী গাড়ি ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানার নিমতলা এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকা অভিমুখী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, শ্রীনগর থেকে ঢাকার দিকে আসা একটি ময়লাবাহী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনি পিকআপটি সড়কের পাশের ঢালে পড়ে যায় এবং গাড়ির একটি অংশ মহাসড়কের ওপর আটকে থাকে।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে। তাদের দ্রুত অন্য একটি পিকআপের মাধ্যমে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিদ্দিক (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। আহত অপর দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বলেন, "ময়লাবাহী গাড়ি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"