লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির দাবি মেনে না নেওয়ায় আকলিমা আক্তার রোজি নামের এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান আকলিমা আক্তার রোজি। তিনি দেওপাড়া এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী এবং অভিযুক্ত রাজু তার প্রথম সংসারের ছেলে।

ঘটনাটি ঘটে গত রোববার (২৬ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে। হাসপাতালে চিকিৎসাধীন আকলিমা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজু তার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এই দাবি মেনে না নেওয়ায় তাদের মধ্যে একাধিকবার বিরোধ হয়। গত রোববার রাজু তার স্ত্রী তাসলিমাকে সঙ্গে নিয়ে এসে পুনরায় সম্পত্তির জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় রাজু লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এছাড়া ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যাওয়ার দাবিও করেন তিনি।

এই অভিযোগের বিষয়ে রাজু হোসেন ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ঘটনাটি তার জানা নেই। তবে তিনি বলেন, "লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"