শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা খাল খনন কর্মসূচি অব্যাহত রাখা হলে দেশের নদী ও খালগুলো দখল এবং দূষণের হাত থেকে রক্ষা পেত বলে মনে করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)। তিনি জানান, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের পাশাপাশি নদী ও খাল দখলমুক্ত এবং দূষণমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। উক্ত সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণপ্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। তিস্তা নদীর গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন, "তিস্তার সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে।"
অন্যদিকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই লক্ষ্য অর্জনে প্রকল্প গ্রহণের আগে একাধিক আন্তমন্ত্রণালয় সভা করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
মতবিনিময় সভায় বাপা নেতারা নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদী-খাল-বিল ও জলাশয় রক্ষায় সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানান।