যশোর সদর উপজেলার বাংলাদেশ এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটিতে সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ আবাসিক কমার্শিয়াল হাইব্রিড এনার্জি স্টোরেজ সিস্টেম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সৌরবিদ্যুৎ ও এনার্জি স্টোরেজ প্রযুক্তির আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুডউই-এর অনুমোদিত সরবরাহকারী এসিআই রিনিউয়েবল এনার্জি এবং ইপিসি অংশীদার গ্রিনফিনিটির সহযোগিতায় এই প্রকল্পটি সম্পন্ন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট এবং ব্যয়বহুল ডিজেল জেনারেটরের ওপর নির্ভরশীলতার কার্যকর বিকল্প হিসেবে এই হাইব্রিড এনার্জি স্টোরেজ সিস্টেমটি পরিকল্পিত। এটি দিনের বেলা সৌরবিদ্যুৎ ব্যবহার করে এবং রাতে ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুতের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকল্পটিতে গুডউই ইটিএলভি সিরিজের ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি হাইব্রিড ইনভার্টার এবং গুডউই বিএটি সিরিজের ১৪ দশমিক ৩ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ১০টি লো-ভোল্টেজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রকল্পটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ৬০ কিলোওয়াট এবং এনার্জি স্টোরেজ সক্ষমতা হয়েছে ১৪৩ কিলোওয়াট-ঘণ্টা।

প্রকল্পটি সম্পর্কে গ্রিনফিনিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তামিম চৌধুরী বলেন, ‘গ্রিনফিনিটিতে আমরা সব সময় প্রযুক্তিনির্ভর ও জটিল ইপিসি প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। শিল্প খাতের একজন অংশীদারের মাধ্যমে গুডউই সম্পর্কে জানার পর তাদের পণ্য নিয়ে বিস্তারিত গবেষণা করি।’

তিনি আরও বলেন, ‘গবেষণায় দেখতে পাই, গুডউইয়ের ইটি এলভি হাইব্রিড ইনভার্টার এবং বিএটি ১৪ দশমিক ৩ ব্যাটারি আমাদের গ্রাহকের চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের বাস্তবায়ন বাংলাদেশে সৌরবিদ্যুৎভিত্তিক এনার্জি স্টোরেজ প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে। একই সঙ্গে এটি দেশের টেকসই, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎমুখী জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।