রাজধানীর বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ। অন্যদিকে, বিদেশি প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন।

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "এ বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।"

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, ভারত–প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়েছে। এছাড়া উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ইইউ, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই এনসিপি কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্টও উপস্থিত ছিলেন। তৎকালীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ওই আলোচনায় আলোকপাত করা হয়েছিল।