সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নবনিযুক্ত ৯৩ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট শাখা-১–এর অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নতুন এই কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাব এবং দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব প্রদান করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে ৩৭তম, ৩৮তম, ৪০তম ও ৪১তম বিসিএসের সদস্য রয়েছেন। তাঁরা রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে এক বছর এবং জেলায় ছয় মাস প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পুলিশ সদর দপ্তরের টি আর (ট্রেনিং রিজার্ভ) শাখায় দায়িত্ব পালন করছিলেন তাঁরা। সেখান থেকেই আজ তাঁদের পেশাগত জীবনের প্রথম পদায়ন করা হলো।