বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহের মাথায় রেফারিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিলেন স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখিয়েছিলেন ভিনচিচ। তবে ম্যাচ শেষে মাঠে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেন। এই ঘটনায় রেফারি কোনো কার্ড না দেখালেও বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে ফিফা।
ফাইনালের দায়িত্ব পাওয়ার মুহূর্তটি ছিল ভিনচিচের জন্য অত্যন্ত আবেগঘন। ফিফা যখন রেফারিদের সামনে ফাইনালের দায়িত্বপ্রাপ্ত রেফারি হিসেবে তাঁর নাম ঘোষণা করে, তখন কান্নায় ভেঙে পড়েছিলেন ভিনচিচ। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) তাঁকে এবারের বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে ঘোষণা করেছে। এছাড়া ইতালিয়ান রেফারিদের সংগঠন এআইএ তাঁকে বিশ্বকাপ বা ইউরোর সেরা কর্মকর্তাকে দেওয়া দ্বিবার্ষিক জুলিও কাম্পানাতি পুরস্কারে ভূষিত করেছে।
এবারের বিশ্বকাপে মোট চারটি ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ। এর মধ্যে গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়া এবং শেষ ষোলোয় মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ ছিল। ইকুয়েডর ম্যাচে মুখ ঢেকে কথা বলার নতুন নিয়ম ভাঙার কারণে পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখান তিনি। সবশেষে পরিচালনা করেন ফাইনাল ম্যাচটি।
২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারি প্যানেলের সদস্য ভিনচিচ এর আগে ইউরো ২০২০ এবং ২০২৪ সালে স্পেন-ইতালি সেমিফাইনাল পরিচালনা করেছেন। তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, যেখানে রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জেতে। এছাড়া তিনি ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল (রেঞ্জার্স-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) পরিচালনা করেন এবং ২০২১ সালের ম্যানচেস্টার ইউনাইটেড-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালে তুরস্কের সুপার লিগে গালাতাসারাই ও জোসে মরিনিওর ফেনারবাচের হাই-ভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বও পান তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ, যার মধ্যে ছিল সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার চমকজাগানো পরাজয়ের ম্যাচটি।
স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ভিনচিচের এই মৌসুমটি আগে থেকেই তাঁর ক্যারিয়ারের ‘বিদায়ী মৌসুম’ হিসেবে নির্ধারিত ছিল। অর্থাৎ, ফাইনালের পর আসা সমালোচনার মুখে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং পরিকল্পিতভাবেই বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ ধাপ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। আইএফএফএইচএসের সেরা রেফারি পুরস্কার ও জুলিও কাম্পানাতি সম্মাননাকে তাঁর বিদায়ী মৌসুমের মুকুট হিসেবে বর্ণনা করা হয়েছে।
২০১২ ইউরোর ষষ্ঠ রেফারি হিসেবে পেশাদার যাত্রা শুরু করা ভিনচিচ দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে উয়েফার শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতায় ৭২টি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাধ্যমেই তাঁর দীর্ঘ কর্মজীবনের যবনিকা পড়ল।