ভোলার নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে, যদি আগামী একনেক সভায় বড় অংকের বাজেট অনুমোদন হয়। ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এই আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খালসংলগ্ন নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আন্দালিব রহমান পার্থ। এসময় স্থানীয়রা দীর্ঘদিনের নদীভাঙনের চরম দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভাঙনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, "গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। কেয়ারটেকার সরকারের সময়ও এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে ভোলার মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনের দুর্ভোগ পোহাচ্ছেন।"

তিনি আরও বলেন, "নদীভাঙনে শুধু মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও হুমকির মুখে পড়েছে। তাই স্থায়ী সমাধান ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। ভোলাকে নদীভাঙন থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক সভায় বড় বাজেট অনুমোদন হলে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।"

এরপর সংসদ সদস্য ভোলা সদর উপজেলার আলীনগর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান খাল খননকাজ পরিদর্শন করেন। ওই সময়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন।