দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনাররা। ডেপুটি স্পিকার কায়সার কামালের দপ্তরে এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সচিবের কাছে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে উল্লেখ করা হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করা বাধ্যতামূলক। এই আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।