দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। এর ফলে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মোট শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে।

মৃত শিশুদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকায়, একজন সিলেটে এবং একজন রংপুরে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু এবং হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। সব মিলিয়ে একদিনে মোট ১ হাজার ১০৫ শিশু এই দুই সমস্যায় আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর মোট সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে। এর মধ্যে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৫ হাজার ৫৫৫ জন।

তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার তথ্যও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।