চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউর মুরাদপুরে যাত্রা শুরু করল ইয়ামাহা মোটরসাইকেলের নতুন শোরুম 'টুয়েন্টি এইট মোটরস'। গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই শোরুমটির উদ্বোধন করা হয়। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শোরুমটি মোটরসাইকেলপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে বলে আশা করছে দেশে ইয়ামাহার পরিবেশক এসিআই মোটরস লিমিটেড এবং টুয়েন্টি এইট মোটরস কর্তৃপক্ষ।
এসিআই মোটরস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশাল পরিসরে নির্মিত এই আইকনিক শোরুমে এক ছাদের নিচে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। ফলে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন মডেল বেছে নেওয়ার সুযোগ পাবেন। মোটরসাইকেল বিক্রির পাশাপাশি এখানে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে আধুনিক সার্ভিসিং সুবিধা এবং জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা রাখা হয়েছে।
শোরুমটির উদ্বোধনী কার্যক্রম শুরু হয় ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজিত এক বিশাল র্যালির মাধ্যমে। র্যালিটি সিআরবি মোড় থেকে শুরু হয়ে টাইগারপাস হয়ে মুরাদপুরে অবস্থিত ইয়ামাহা শোরুমে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান, টুয়েন্টি এইট মোটরসের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিক এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।