খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির টহলদলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল ও ১৪টি গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবির যামিনীপাড়া জোন আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি ও ২টি দেশি পিস্তল, ১৪টি গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়।"

বিজিবির অধিনায়ক আরও জানান, যামিনীপাড়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলোতে নজরদারি জোরদার করেছে।