রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয়ে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। সেই প্রথা মেনেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে গত রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিবের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইন পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।

ইসি সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রক্রিয়ায় সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা হিসেবে সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে, যার ভিত্তিতে কমিশন ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে।