চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়-ভাটিয়ারি লিংক রোডসংলগ্ন আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই হামলার পর থেকে ওই পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন এবং ভয়ে নির্মাণশ্রমিকেরা কাজে আসা বন্ধ করে দিয়েছেন।

ভবনটির মালিক ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন গতকাল রাতে হাটহাজারী থানায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ১০ তলা ভবনটিতে সুনসান নীরবতা বিরাজ করছে এবং সব কাজ বন্ধ রয়েছে। পাশের একটি নার্সারির শ্রমিকেরা জানান, গতকাল বিস্ফোরণের পরপরই নির্মাণশ্রমিকেরা আতঙ্কে চলে যান এবং আজ সকালে কেউ আর কাজে যোগ দেননি। এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে মোহাম্মদ জসিম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, "ককটেল বিস্ফোরণের পর রাতে সন্ত্রাসীরা ফোন করে কাজ বন্ধ রাখার জন্য হুমকি দিয়েছে। তারা আগে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। না দেওয়ায় ভবনে হামলা-ভাঙচুর হয়েছে। এখন মামলা করায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। না দিলে আবারও হামলা চালানোর হুমকি দেওয়া হয়।"

তিনি আরও জানান, "নির্মাণশ্রমিকেরা ঘটনার পর থেকে আর কাজে আসছেন না। আজ সকালেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা কেউ কাজ করতে আসেননি।"

দৈনিক ২৫ থেকে ৩০ জন শ্রমিক এই ভবনে কাজ করতেন। মামলার পরও জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় তিনি নিজেও আতঙ্কে রয়েছেন বলে জানান জসিম উদ্দিন।

ভবনটির নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শী কুরবান আলী জানান, গতকাল সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি টেম্পোতে করে ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ির সামনে আসেন। ভবনে ঢুকে তারা শ্রমিকদের মারধর শুরু করেন এবং দরজা-জানালা ভাঙচুর করেন। এসময় হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। কুরবান আলী বলেন, “আমাকেও মারধর করে তারা। ব্যথায় রাতে ঘুমাতে পারিনি। ভয়ে আছি আবার কখন এসে হামলা করে।”

মোহাম্মদ জসিম উদ্দিনের বড় দীঘিরপাড় এলাকায় চাল ও চিনির পাইকারি ব্যবসা রয়েছে এবং কয়েক মাস আগে তিনি এই ১০ তলা ভবনটির নির্মাণকাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বড় দীঘিরপাড় এলাকায় নির্মাণাধীন ৮ থেকে ১০টি ভবনের মালিকদের ফোন করে সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছে। অতীতে এমন ঘটনা ঘটেনি। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বড় দীঘিরপাড়ের অক্সিজেন-হাটহাজারী সড়কে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন এলাকাবাসীরা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ আজ দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, "চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। লোকজনের আতঙ্কিত হওয়ার কিছু নেই।"

উল্লেখ্য, গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরের চকবাজার অ্যাকসেস রোডে ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানো হলে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছিল।