কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় এক ঝটিকা মিছিল করেছে জেলা শাখার নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত মিছিলে জেলা স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরবর্তীতে এই ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং আওয়ামী লীগের বিভিন্ন পেজে আপলোড করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালীন নেতাকর্মীরা ‘বাধা দিলে বাঁধবে লড়াই, আমরা কি আর কাউকে ডরাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘সেবা, শান্তি, প্রগতি, স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নেত্রকোনার মাটি, সেবক লীগের ঘাঁটি’ নেত্রকোনার মাটি, শুভ ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

এই ঘটনার বিষয়ে জানতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খায়েরকে একাধিকবার ফোন করা হলেও তিনি সংযোগ গ্রহণ করেননি।