বগুড়ার গাবতলীতে নিখোঁজ হওয়ার দুদিন পর মো. আজমল হক সাদী (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আজমল হক সাদী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সরলপুর এলাকায় স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর বগুড়া সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, "আজমল হক সাদী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।"

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।