জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ বিষয়ে বিস্তারিত জানান।

সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম বদলে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিকল্প ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রক্রিয়ায় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করে। পাশাপাশি আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এই বিষয়ে তাদের মতামত এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।