বাংলাদেশে ব্যান্ডসংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি গান হলো ‘আজ কেন মন উদাসী হয়ে’। ঘরোয়া আড্ডা হোক কিংবা আনুষ্ঠানিক গানের আসর—দেশের যেকোনো প্রান্তে এই গানের পরিবেশনা প্রায় অনিবার্য। বিশেষ করে ছুটির দিনে বা বৃষ্টির দিনে ইউটিউব কিংবা ব্যক্তিগত গানের তালিকায় এই গানটি অনেকের কাছেই স্মৃতিকাতরতার উৎস হয়ে দাঁড়ায়।
সম্প্রতি গানটি আবারও আলোচনায় এসেছে। একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সাইবার বুলিংয়ের ঘটনা ঘটে। এর প্রতিবাদে দেশজুড়ে শিক্ষকদের সংহতির পাশাপাশি বিনোদন জগতের অনেক তারকাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই প্রেক্ষাপটে গানটির জন্ম ইতিহাস পুনরায় চর্চায় এসেছে।
সহজ ও প্রাঞ্জল কথা ও সুরের কারণে শ্রোতারা খুব সহজেই এই গানের সঙ্গে একাত্ম হতে পারেন। প্রকাশের পর থেকেই গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে এটি ব্যান্ড ‘ডিফ্রেন্ট টাচ’-এর সিগনেচার গানে পরিণত হয়। এমনকি বর্তমান সময়ের উঠতি ব্যান্ডগুলোর কাভার গানের তালিকায় এই গানটি এখনো শীর্ষস্থানে রয়েছে।
গানটির জন্ম ইতিহাস শুনিয়েছেন এর গীতিকার ও সুরকার আশরাফ বাবু। তিনি জানান, গানটি ছিল তাদের অ্যালবামের শেষ গান। পরদিন রেকর্ডিংয়ের জন্য ডিফ্রেন্ট টাচের সদস্যরা ঢাকায় যাবেন, আর তার আগের রাতেই গানটির জন্ম হয়।
ঘটনাটি প্রায় ৪০ বছর আগের, ১৯৮৭ সালের শ্রাবণ মাসের। টানা চার দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল, যার ফলে মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল। সে সময় ১২ গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন ছিল এবং ডিফ্রেন্ট টাচের নতুন অ্যালবামের প্রায় সব গানই প্রস্তুত ছিল। কেবল একটি গানের প্রয়োজন ছিল।
আশরাফ বাবুর ওপর দায়িত্ব ছিল শেষ গানটি তৈরি করার, কিন্তু শুরুতে কোনো কথা মাথায় আসছিল না। শেষ রাতের দিকে জানালার পাশে বসে শ্রাবণের বৃষ্টি দেখতে দেখতে তিনি ভাবেন, এই বৃষ্টি নিয়ে একটি গান লিখলে কেমন হয়। মূলত কিছুদিন ধরে রাস্তায় চলাফেরার সময় কিছু কথা তার মাথায় ঘুরছিল। এরপর তিনি লিখতে শুরু করেন, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে,/ অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে...।’
আশরাফ বাবু স্মৃতিচারণ করে বলেন, “ভোররাতের দিকে যখন পুরো গান শেষ করে উঠলাম, তখন স্বস্তি পেলাম, যাক শেষ পর্যন্ত কিছু একটা হলো। পরে ঢাকা থেকে খুলনা ফিরে যান দলের সদস্যরা। একদিন হঠাৎ করে খুলনা নিউমার্কেটের এক ক্যাসেটের দোকানে গানটি শুনি।”
ইলেকট্রা ভয়েস থেকে প্রকাশিত ডিফ্রেন্ট টাচের এই অ্যালবামটিতে গানটি প্রথম গেয়েছিলেন আলী আহমেদ বাবু।
গানটি নিয়ে কিছু মজার অভিজ্ঞতাও রয়েছে। ডিফ্রেন্ট টাচের কণ্ঠশিল্পী মেজবাহ এক সাক্ষাৎকারে জানান, ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক কনসার্টে তারা অংশ নেন। বৃষ্টিমুখর সময়কে উপজীব্য করে রচিত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি শুরু করার কয়েক মুহূর্ত পরেই বাস্তবে বৃষ্টি শুরু হয়ে যায়। খোলা জায়গা হওয়ায় সেদিনের কনসার্টটি বন্ধ হয়ে গিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, পরের বছর একই জায়গায় আরেকটি কনসার্টে যখনই তারা গানটি গাইতে শুরু করেন, আবারও বৃষ্টি শুরু হয়।
গানটির কথা ও সুর আশরাফ বাবুর লেখা। গানের কথাগুলো হলো:
“শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগানবিলাসী হেনা দুলেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
জমেছে হাঁসের জলকেলি
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে”