নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে ৪০০টি শালিক পাখি শিকার করে জবাই করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বন বিভাগ। গতকাল রোববার রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় এই অভিযোগটি করেন।
জাহিদুল ইসলাম জানান, মুক্তকণ্ঠের প্রতিবেদনের মাধ্যমে তাঁরা এই ঘটনার কথা জানতে পারেন। পরবর্তীতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, মাংস খাওয়ার উদ্দেশ্যে ফাঁদ পেতে শালিকগুলো শিকার করা হয়েছিল। অপরাধীদের আইনের আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই দুপুরে হাটবিলা গ্রামের হাটবিলা বিলে স্থানীয় বাসিন্দা বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২) ফাঁস জালসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে শালিক শিকার করেন। শুরুতে বিষয়টি গোপন থাকলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাখি শিকারের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর মুক্তকণ্ঠের অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হলে বন বিভাগ বিষয়টি জানতে পারে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের করে।
"পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"— এজাহারে জাহিদুল ইসলাম এই কথা উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তদের এই কর্মকাণ্ডের ফলে বন্য প্রাণী ও পরিবেশের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অভিযোগ আনা হয়েছে।