চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনিবাসের ধাক্কায় জান্নাতুল মাওয়া (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতুল মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার ছোট কুমিরা কাজীপাড়া গ্রামের রাজমিস্ত্রি মোহাম্মদ শহিদুল্লাহর মেয়ে। দুই বোনের মধ্যে জান্নাতুল ছিল একজন। জানা গেছে, স্কুলের টিফিন ছুটির বিরতিতে সে যখন বাড়ি ফিরছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জান্নাতুলের চাচাতো বোন ফারহানা আক্তার মুক্তকণ্ঠকে বলেন, "জান্নাতুল দুপুরে স্কুল টিফিনের ছুটিতে এক সহপাঠীর বাসায় যায়। ওই বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। তার মা প্রতিদিন দুপুরে জান্নাতুলের অপেক্ষায় থাকতেন।"

ঘটনা প্রসঙ্গে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন মুক্তকণ্ঠকে বলেন, "ওই স্কুলশিক্ষার্থী আজ দুপুরে সড়ক পার হচ্ছিল। এই সময় ঢাকামুখী একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

ওসি আরও জানান, এই ঘটনায় ঘাতক মিনিবাসটি পুলিশ আটক করেছে।