ফেনীর পরশুরাম সীমান্তে এক নারী ও তিন শিশুসহ চারজন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, কেতরাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ ওই চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবির সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের প্রতিহত করেন। বিজিবি নিশ্চিত করেছে যে, পুশ ইনের চেষ্টা করা ওই চারজনই ভারতীয় নাগরিক।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এ ঘটনায় বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবে অবৈধ পুশ ইন সম্ভব হবে না।"

তিনি আরও উল্লেখ করেন, "সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।"