বসতবাড়ি বা যেকোনো কাঠামোর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রোদ, বৃষ্টি এবং আর্দ্রতার হাত থেকে দেয়ালকে দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করে রং। তবে সঠিক রং নির্বাচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন।

স্বাস্থ্য ও পরিবেশের কথা মাথায় রেখে বর্তমানে বাজারে পাওয়া সিসামুক্ত এবং লো-ভিওসি যুক্ত রং ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের স্বাস্থ্যঝুঁকি কমাতে গন্ধহীন ও পরিবেশবান্ধব রং নির্বাচন করা শ্রেয়।

ব্যবহারের স্থান অনুযায়ী রঙের ধরন ভিন্ন হয়। ঘরের ভেতরের দেয়ালের জন্য ইমালশন বা প্লাস্টিক পেইন্ট এবং বাইরের দেয়ালের জন্য রোদ-বৃষ্টি প্রতিরোধী ‘ওয়েদার কোট’ ব্যবহার করতে হয়। এছাড়া কাঠ বা মেটালের ক্ষেত্রে এনামেল রং সবচেয়ে উপযুক্ত।

দীর্ঘস্থায়িত্ব এবং নিখুঁত ফিনিশিং নিশ্চিত করতে সরাসরি দেয়ালের ওপর রং না করে প্রথমে মানসম্মত প্রাইমার ও পুট্টির সঠিক প্রয়োগ করা জরুরি। পাশাপাশি এমন রং বেছে নেওয়া উচিত যা সহজে পানি দিয়ে পরিষ্কার করা যায়, যাতে ফাঙ্গাস, ড্যাম্প বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে।

রঙের মনস্তাত্ত্বিক প্রভাবের কথা উল্লেখ করে বলা হয়েছে, হালকা রং ঘরের আলোকে প্রতিফলিত করে স্থানটিকে বড় ও উজ্জ্বল দেখায়। অন্যদিকে, গাঢ় রং ঘরে একটি উষ্ণ ও অভিজাত পরিবেশ তৈরি করে।