সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
লন্ডনে পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের আলাপচারিতার বিষয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিষয়টি পত্রিকায় দেখেছেন। তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কী তথ্যের ভিত্তিতে কোনো পত্রিকা এমন সংবাদ প্রকাশ করল, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসা করা প্রয়োজন বলে মনে করেন তিনি। বর্তমান ইন্টারনেটের যুগে কথা বলতে চাইলে লন্ডনে যাওয়ার প্রয়োজন নেই, এখান থেকেই যোগাযোগ করা সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী।
সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের বিষয়ে বিরোধী দলের দাবির কথা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীপক্ষকে জিজ্ঞাসা করেন, কেন তারা রাষ্ট্রপতির গ্রেপ্তার চায়। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যাঁরা গালি দিচ্ছেন, সেই অধিকার তাঁদের আছে।’ গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাবেক রাষ্ট্রপতির দায়িত্ব পালন ও আইনি সুরক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তাঁর (ইমিউনিটি) দায়মুক্তি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাঁদের আছে। দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।’
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে মন্ত্রী জানান, ‘সেই সময় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।’
সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ-সুবিধা পাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) অন্যান্য নিরাপত্তাসুবিধা আগামী ছয় মাসের জন্য কার্যকর থাকবে।
অন্যদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী জানান, সরকার এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে। রয়্যাল কোর্ট কিছু অতিরিক্ত তথ্য চেয়েছে, যা দ্রুত পাঠানো হবে।
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টোরথ—দুটি অনুষ্ঠানই অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো বিশৃঙ্খলা হয়নি। সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে বোমা পাওয়ার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন তিনি।