চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালাতে গিয়ে শীর্ষ এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অন্তত ১৭টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানার একটি বিশেষ দল আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুষ্কৃতকারীরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্রের আঘাতে ডবলমুরিং থানায় কর্মরত এসআই মোবিনুল ইসলাম (৩৬) গুরুতর আহত হন। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়।

পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মিনি অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন।

আহত কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসা এসআই মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে হঠাৎ করেই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসপাতালে গিয়ে আহত কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

এদিকে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী আলমগীরসহ অন্যদের গ্রেপ্তারে চমেক হাসপাতাল ও আশপাশের এলাকাসহ নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চলছে।