পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নারীর নাম মোছা. লাইজু (৩৯)। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তাঁর মায়ের নাম মোছা. মোরশেদা বেগম।
প্রত্যক্ষদর্শী ও ফেরি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ পেছনের অংশ থেকে নদীতে ঝাঁপ দেন ওই নারী। বিষয়টি দেখতে পেয়ে যাত্রীরা চিৎকার শুরু করলে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরিটি থামিয়ে ঘুরিয়ে দেন এবং সার্চলাইটের সাহায্যে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে নদীতে তীব্র স্রোত থাকায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
ফেরির মেরিন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ‘কুমিল্লা’ ফেরিটি রওনা হয়। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ এক নারী ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেন। খবর পাওয়ার পর নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি কুমিল্লা থেকে এক নারী পদ্মায় ঝাঁপ দেন। খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চলছে।
দৌলতদিয়া নৌথানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পদ্মায় তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।