আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড পাওয়ার পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় তিন মাস আত্মগোপনে ছিলেন আসামি সুশীল। শেষ পর্যন্ত ভিন্ন কৌশল অবলম্বন করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের পোশাকে নয়, বরং লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের বেশে ফসলের মাঠে গিয়ে তাঁকে পাকড়াও করেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত সুশীল নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়ার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ পান। জরিমানা অনাদায়ে আদালত তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ মুক্তকণ্ঠকে বলেন, "প্রায় তিন মাস আগে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-(২) পলাতক আসামি সুশীলকে সাজা দেন। এর পর থেকেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।"
অভিযানের বিস্তারিত জানিয়ে এএসআই ফরহাদ হোসেন বলেন, "এর আগে তিন দফা অভিযান চালিয়েও সুশীলকে ধরা যায়নি। এক সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর পুলিশ সদস্যদের নিয়ে পাশের একটি বাজারে অপেক্ষায় রাখেন। আর তিনি কৃষকের বেশ ধারণ করে মাঠের দিকে এগিয়ে যান। কাছে যেতেই আসামি সুশীল বিষয়টি বুঝতে পেরে দৌড় দেন। পরে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করেন।"