চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত ওই কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম। আজ শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ পুলিশের এসআই আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, "মাদক মামলার আসামি আলমগীরকে ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।"
পুলিশ সূত্রে জানা গেছে, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আহত এসআই মবিনুল ইসলামকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মুক্তকণ্ঠকে জানান, "এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।"