রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার দুপুরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার আছে। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা আমি জানি না। তবে রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে আমার মনে হয় না।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেকার যুবকদের কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে পরিবেশমন্ত্রী সতর্ক করে বলেন, ‘আমরা যদি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে সন্ত্রাস ও মাদকাসক্তি বৃদ্ধি পাবে। দেশে ও সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আরও উল্লেখ করেন যে, অর্থনৈতিক উন্নতির জন্য রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকা প্রয়োজন। তিনি বলেন, ‘রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।’
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী পরিচালক মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ওরফে ভিপি জয়নাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। চেম্বার পরিচালক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মনিরা হক নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।