গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যশোরে নতুন একটি শাখা চালু করেছে। গত বৃহস্পতিবার শহরের আরএন রোডের সালাউদ্দিন টাওয়ারের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটির শুভ উদ্বোধন করা হয়। এই নতুন শাখার মাধ্যমে যশোর ও এর পার্শ্ববর্তী অঞ্চলের গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে।
ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন যশোরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নতুন এই শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিবিএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসিমুল বাতেন বলেন, "নতুন এই শাখা যশোর ও আশপাশের এলাকায় আবাসন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"
উল্লেখ্য যে, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরিয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও প্রদান করে থাকে।