চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকা থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-৭। নিহত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলার বাসার পাশ থেকে গতকাল শুক্রবার অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন মুক্তকণ্ঠকে জানান, "সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে একটি ফুল গাছের নিচে যুক্তরাষ্ট্রে তৈরি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের পিস্তল পাওয়া যায়। অস্ত্রটি কীভাবে সেখানে এসেছে, এটির মালিক কে, তা তদন্ত করে দেখা হচ্ছে।" তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর চালিতাতলী এলাকায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সরোয়ার হোসেন।

এদিকে, উদ্ধারকৃত অস্ত্রটি নিয়ে অভিযোগ তুলেছেন সরোয়ারের মা মরিয়ম বেগম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "র‍্যাব অভিযানে আসার সঙ্গে সঙ্গে তাঁদের বাসায় থাকা সিসি ক্যামেরা খুলে ফেলে। বাসার পাশে খালি জায়গায় পরিত্যক্ত অস্ত্র থাকলে লোকজন জেনে পুলিশকে খবর দিত। এখন তাঁদের বাসার পাশে এই অস্ত্র তাঁদের ফাঁসানোর জন্য রাখা হয়েছে।"

এই বিষয়ে বিস্তারিত জানতে র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় খুদে বার্তায় তা জানান।