অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন পেসার নাহিদ রানা। পাশাপাশি প্রথম টেস্টে খেলতে পারছেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস এবং প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ শরীফুল ইসলামেরও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় বাঁ পাশের সাইড স্ট্রেন বাপাঁজরের পাশের পেশিতে টানজনিত চোট পান নাহিদ রানা। চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তাঁর গ্রেড-২ সাইড স্ট্রেন নিশ্চিত করা হয়েছে। বিসিবির তথ্যমতে, সুস্থ হতে তাঁর আনুমানিক চার সপ্তাহ সময় লাগবে এবং এরপর ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাঁর অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, পেসার শরীফুল ইসলামের পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বিসিবি। আগামী ২৯ জুলাই থেকে তিনি পুনরায় বোলিং শুরু করবেন এবং ১২ আগস্ট তাঁর একটি ফিটনেস অ্যাসেসমেন্ট হওয়ার কথা রয়েছে। চিকিৎসকের ছাড়পত্র ও ওয়ার্কলোড বিবেচনা করে তাঁকে দ্বিতীয় টেস্টের জন্য দলে রাখা হতে পারে।

একই পরিস্থিতি লিটন কুমার দাসের ক্ষেত্রেও। বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে উঠতে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। আগামী ২৮ জুলাই থেকে তাঁর প্রোগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং প্রোগ্রাম শুরু হওয়ার কথা। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ১৩ আগস্ট তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পুনর্বাসন শেষ করে ফিটনেস ছাড়পত্র পেলে দ্বিতীয় টেস্টে লিটনকে পাওয়ার আশা করছে বোর্ড।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।