দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। করপোরেট সফর, ব্যবসায়িক ভ্রমণ, পর্যটন, শিল্প খাতের যাতায়াত, ব্যক্তিগত যাত্রা এবং বিশেষত চিকিৎসা-সেবার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।
আকিজ এভিয়েশনের দাবি, তাদের এই বাণিজ্যিক সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি আধুনিক, আরামদায়ক এবং নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা লাভ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক পর্যায়ে তিনটি হেলিকপ্টার নিয়ে এই কার্যক্রম শুরু করেছে আকিজ এভিয়েশন। এর মধ্যে রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের একটি এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের দুটি হেলিকপ্টার নিয়োজিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে বর্তমানে দেশের অনেক শিল্পপতি ও ব্যবসায়ী হেলিকপ্টার ব্যবহার করছেন। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধারকাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক বা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত যাতায়াতের ক্ষেত্রে দেশে হেলিকপ্টারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার নিশ্চয়তা দিতে সব সময় পাশে থাকবে আকিজ এভিয়েশন লিমিটেড।
পাশাপাশি, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনা মূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ চালু রয়েছে বলে জানানো হয়েছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আকিজ এভিয়েশন এই বিশেষ সেবাটি পরিচালনা করছে।