দেশের বিভিন্ন স্থানে আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির আয়োজিত এক সুফিবাদী সুন্নি মহাসমাবেশে এই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাজার-খানকায় হামলা চালিয়েছে, জাতির কাছে তাদের মুখোশ আজ উন্মোচিত হচ্ছে। সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, "কেবল তাওহিদে বিশ্বাস করাই যথেষ্ট নয়; শানে রিসালাত ও শানে বেলায়েতের প্রতিও পূর্ণ আস্থা রাখা একজন মুসলমানের পরিচয়।"
আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সারা দেশ থেকে সুন্নি উলামা-মাশায়েখ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশিন পীর এবং সুন্নি ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
বক্তারা উগ্রবাদী ও সহিংস মতাদর্শের বিপরীতে মহানবী (সা.) ও আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত মানবিক, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক ইসলামের চর্চা ও প্রসারের আহ্বান জানান। মাজার-খানকায় হামলা ও লুটপাট বন্ধের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ এবং মদ, জুয়া, গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তাঁরা।
অনুষ্ঠানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ এমদাদ উদ্দীন নিজামপুরী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং পীরে তরিকত আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়া সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, পীর সিরাজুল আমিন রেজভী, স উ ম আব্দুস সামাদ, ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, উসমান গনী সালেহী, সাইফুল ইসলাম ও আবু সুফিয়ান খান আবেদী প্রমুখ বক্তব্য রাখেন।