আর্জেন্টিনা জাতীয় দলের তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সাম্প্রতিক এক মন্তব্যে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পিএসজিতে একসঙ্গে খেলার পাশাপাশি দীর্ঘ ৯ বছর ধরে জাতীয় দলের সতীর্থ পারেদেস মনে করছেন, বিশ্বকাপের ফাইনালটিই হতে পারে মেসির শেষ ম্যাচ।

গত রবিবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী মেসির জন্য এটিই ছিল শেষ বিশ্বকাপ। এই প্রেক্ষাপটে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে, জাতীয় দলের জার্সিতে কি আর দেখা যাবে তাকে? যদিও বিভিন্ন আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি এখনই অবসর নিচ্ছেন না এবং আরও কয়েক মাস খেলা চালিয়ে যেতে চান। এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের দর্শকদের সামনে মেসির বিদায় নিশ্চিত করতে একটি বিশেষ ম্যাচের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

তবে কোপা সুদামেরিকানার প্লে-অফ ম্যাচে বোকা জুনিয়র্সের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিন্ন কথা বলেন পারেদেস। তাঁর মতে, জাতীয় দলের হয়ে মেসি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। পারেদেস বলেন, ‘এটা কষ্টদায়ক। কারণ, পুরো বিশ্বকাপে আমরা যেমনটা বলে এসেছি, আমরা চাইনি শেষ ম্যাচটি কখনো আসুক। আমার মনে হয়, সে ঠিক করেই রেখেছিল যে এটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।’

তবে নিজের মন্তব্যের গুরুত্ব অনুধাবন করে দ্রুতই তিনি মেসির খেলা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। পারেদেস বলেন, ‘আশা করি তা হবে না। আশা করি, সে খেলা চালিয়ে যেতে পারবে। সিদ্ধান্ত তার নিজের। যা তাকে খুশি করবে, নিশ্চিতভাবেই সেটা আমাদেরও খুশি করবে।’

এদিকে বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বিতর্কের মুখে পড়েছেন পারেদেস, যা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি জানান, ‘আমি জানি না। এ নিয়ে ভাবতে হবে, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং এটি নিশ্চিতভাবে এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের কথা বলতে হবে...অনেকের জন্যই খেলা চালিয়ে যাওয়া না–যাওয়ার বিষয়টি কঠিন এক সিদ্ধান্ত হতে যাচ্ছে।’