মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই অতর্কিত হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত হঠাৎ করে সোহরাব হাওলাদারের বাসভবনে প্রবেশ করে। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ির সদস্যরা ভেতরের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। এতে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার পর মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোহরাব হাওলাদারের অভিযোগ, গতকাল সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির কমিটি গঠন করা হয়, যেখানে তিনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর দাবি, এই কমিটি গঠনকে কেন্দ্র করে ক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "কারা এ হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"