চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় খানাখন্দযুক্ত সড়কের গর্তে পড়ে কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. মেহেদি হাসান (২৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. হালিম শেখ এবং মা হাওয়া বেগম। নগরের সিঅ্যান্ডবি এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক পুত্রসন্তান নিয়ে বসবাস করতেন তিনি। মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে তিনি তাঁর পরিবারের ভরণপোষণ চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট সংলগ্ন সড়কটি দীর্ঘ সময় ধরে খানাখন্দে ভরা এবং সড়কের এক পাশে পানি জমে থাকে। পাশেই রয়েছে ময়লার স্তূপ। রাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে মেহেদি হাসানের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং তিনি ছিটকে পাশে যাওয়া একটি কনটেইনারবাহী লরির নিচে পড়ে যান। লরিটির পেছনের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনা প্রসঙ্গে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।"