ভারত সফরে যেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। কলকাতার মাঠে তারা প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। সংবাদমাধ্যমটির তথ্যমতে, ম্যাচ আয়োজনের বিষয়ে ভারতীয় সংগঠকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
মূলত বিশ্বকাপের সময় ভারতীয় সমর্থকদের ব্যাপক উন্মাদনা ব্রাজিল কর্তৃপক্ষের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেসাওদের প্রতি ফুটবলপ্রেমীদের এই আগ্রহের পরই সেখানে ম্যাচ খেলার পরিকল্পনা শুরু হয়। বিশ্বকাপ চলাকালেই ভারতীয় প্রতিনিধি ও সিবিএফ-এর মধ্যে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছিল বলে জানা গেছে।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যবর্তী সময়ে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপর তৃতীয় ম্যাচটির জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছে। যদিও এই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের সঙ্গেও আলোচনা থাকলেও বর্তমানে ভারতের সঙ্গেই আলোচনা এগিয়ে চলছে।
ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হলে তা শহরটির ফুটবল ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে।
২০২৬ বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অভিযান শেষ হয়েছে চরম হতাশায়। নকআউট পর্বের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা, যা ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের দ্রুততম বিদায়। টুর্নামেন্টে ভিনিসিয়ুস জুনিয়র চারটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও দলকে বাঁচাতে পারেননি। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখা ব্রাজিলকে শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে। এখন প্রীতি ম্যাচের মাধ্যমে সেই ব্যর্থতা কাটিয়ে নতুন করে শুরুর পরিকল্পনা করছে সেলেসাওরা।