মুম্বাই শহর থেকে মাত্র দেড় থেকে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত খান্ডালার সবুজ পাহাড়ের কোলে গড়ে উঠেছে বলিউড অভিনেতা সুনীল শেঠির খামারবাড়ি ‘জাহান’। প্রায় ২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই বাড়িটি প্রকৃতির সাথে এক অনন্য মেলবন্ধনের উদাহরণ। বাড়িটির নির্মাণশৈলীতে অনুসরণ করা হয়েছে বায়োফিলিক ডিজাইন, যেখানে স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা হয়েছে গাছপালা, পানি, প্রাকৃতিক আলো এবং পাথরের মতো উপাদান। এই বিশেষ নকশার ফলে বাড়িটির ছাদ ভেদ করে গাছ বেড়ে উঠেছে এবং ঘরের নিচ দিয়ে বয়ে চলেছে ঝরনা।