মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসভবনে গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা আকস্মিকভাবে বাসায় ঢুকে দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা নিরাপত্তার জন্য ঘরের ভেতরের দরজা বন্ধ করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়, যেখানে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ওই কমিটি গঠনকে কেন্দ্র করে ক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বাসায় এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।